ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং বাকি পাঁচজন পলাতক রয়েছে।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ঘটেছে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, “অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তায় যে কোনো দাবি থাকতেই পারে, তবে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।”
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে স্থানান্তর করা হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা সংযোজনের নির্দেশ দেন।









