এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এখানে সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রক্রিয়া, সংসদের স্থায়ী কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দুদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় মন্ত্রীদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি কার্যকরভাবে সংসদ পরিচালনা ও সরকারি দায়িত্ব পালনে কৌশলগত বিষয়গুলোও তুলে ধরা হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। পাশাপাশি মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও কর্মশালায় আলোচনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর