খুলনায় দুর্বৃত্তের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গুরুতর অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। পরে সিটি স্ক্যান করার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে স্থানান্তর করা হয়।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিকমাধ্যমে এক পোস্টে জানান, খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে একইভাবে দুর্বৃত্তদের গুলিতে এনসিপির ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।









