এবার ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলেছেন। তিনি স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন এবং মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।

বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এনে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। শুধু এলজিইডি-এরই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে বলে জানানো হয়। এসব ভবন মেরামত করে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিএনপির ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ অনুপাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য থাকা ৭৪ হাজার পদ দ্রুত পূরণ এবং দুর্গম অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *