এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং জনগণের কাছে স্বাভাবিকভাবে সেবা পৌঁছে দিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি ও বিদ্যুতের ব্যবহারেও সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আইআরআইবি জানিয়েছে, হামলার কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি সরবরাহ লাইনে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন এলাকায় কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান সরকার বলছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধারে জরুরি টিমগুলো মাঠে কাজ করছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে চলমান সংঘাতের কারণে জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলার জন্য জনগণকে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *