এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

ষ্টাফ রিপোর্টার

পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করা হয়।

এনবিআর সূত্র জানিয়েছে, কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করেছিল সিআইসি। ফলে এখন পর্যন্ত তার তিনটি লকার জব্দ হলো।

পূবালী ব্যাংকের তথ্যমতে, গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করেছিল। এর মধ্যে শেখ হাসিনার দুটি হিসাবে যথাক্রমে ১২ লাখ টাকার এফডিআর ও ৪৪ লাখ টাকা জমা ছিল। এসব অর্থও উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। তার লকার জব্দের ঘটনাও সেই তদন্তের অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর