আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানসূচিকে নির্বিঘ্ন রাখতে জাতীয় নির্বাচনের মতোই কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, বড় কোনো ত্রুটি ঘটেনি। একুশে ফেব্রুয়ারিতেও একইভাবে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
তিনি জানান, শহীদ মিনার ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।
শ্রদ্ধা নিবেদনকারীদের জন্য নির্দিষ্ট সড়ক ব্যবহারের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। তিনি জানান, পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড দিয়ে প্রবেশ করতে হবে; অন্য কোনো রাস্তা ব্যবহার না করার অনুরোধ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শহীদ মিনার এলাকায় কোনো ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন না করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি জানান, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সিসিটিভি ক্যামেরাসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলবে। পাশাপাশি সারা দেশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।









