একসঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিয়েছেন এক দম্পতি। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া স্বামী-স্ত্রী হলেন— ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) এবং একই ইউনিয়নের সোবহানের মেয়ে ছকিনা বেগম (২৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, ছকিনা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে শাশুড়ির সঙ্গে ছকিনার ঝগড়া হয়। পরে অলি মিয়া বাড়ি ফিরে মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে নির্যাতন করেন। এতে ক্ষুব্ধ হয়ে তার মা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে নালিশ করেন। বিষয়টি জানার পর সন্ধ্যায় অভিমানে অলি মিয়া ও স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে গলায় ফাঁস দেন।

রাতে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ হলে দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুননবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও বিচার প্রার্থনার ঘটনাকে কেন্দ্র করে দম্পতি অভিমানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *