একসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানী

ষ্টাফ রিপোর্টার

বলিউডে দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ার কিং শাহরুখ খানের। আর ৩০ বছর ধরে এ অঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী রানী মুখার্জী। কিন্তু এত সময় ধরেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জোটেনি কারো কপালে।

এবার একসঙ্গে দুজনের ভাগ্য খুলল। ২০২৫ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’ এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য প্রথমবার সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাচ্ছেন রানী মুখার্জি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার কোটি কোটি শাহরুখ ভক্তের মাঝে, যার ফলে উচ্ছ্বাসের এক নতুন ঢেউ বইছে।

‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা থাকলেও, সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা অর্থাৎ জাতীয় পুরস্কার ছিল অধরা। অবশেষে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয় সেই শূন্যতা পূরণ করল।

এদিকে সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য এই সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বাঙালিকন্যা রানী মুখার্জী।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রানী। বিপরীতে ছিলেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার খবরে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, অনুরাগী এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির টিমকে ধন্যবাদ জানান।

রানী বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি উল্লসিত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার।’

তিনি বলেন, ‌’আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে অনেক ভালো ভালো ছবিতে কাজ করে দর্শকদের ভালোবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আদবাণী, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *