ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম ঘোষণা দিয়েছেন যে, তিনি বিএনপির সঙ্গে যৌথভাবে নয়, বরং এককভাবে আসন্ন নির্বাচনে অংশ নেবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে অবস্থিত এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই ঘোষণা দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা ড. রেদোয়ান আহমেদের যোগদানকে দলের জন্য ‘ইতিবাচক অগ্রগতি’ বলে উল্লেখ করেন।
ড. রেদোয়ান আহমেদ ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখেন।
এভাবে একদিকে এলডিপি সভাপতি কর্নেল অলির এককভাবে ভোট করার ঘোষণা—অন্যদিকে মহাসচিব রেদোয়ানের বিএনপিতে যোগদান—দলটির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।









