কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়াকে “ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য সতর্কবার্তা” বলে মন্তব্য করেছেন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।”
তিনি আরও বলেন, “আপিল বিভাগের আজকের রায় জনগণের বিজয়। জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক ডাকাতি করে কেউ সংসদে যেতে পারবে না।” এ সময় আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী উপস্থিত ছিলেন।
এর আগে মঞ্জুরুল আহসান মুন্সী তাঁর প্রার্থিতা ফিরে পেতে করা ‘লিভ টু আপিল’ আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দেয়। ফলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করেন। পরে গত ১৭ জানুয়ারি ইসি কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। হাইকোর্ট তাঁর রিট খারিজ করলে তিনি আপিল বিভাগে আবেদন করেন, যা শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়।









