রাজধানীর উত্তরায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ। ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে তিনজন কুয়েত মৈত্রী হাসপাতালে, দুজন উত্তরা স্পেশালাইজড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন—ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২), রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।









