ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের রাজনৈতিক আলোচনায় গতি এসেছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম–এর বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওইদিনই তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায়ও সাক্ষাতের জন্য যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি ২০৯টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের ৩টি আসন যুক্ত হওয়ায় বিএনপি–নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ব্যাপক বিজয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।








