ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে দেশটিতে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। শুক্রবার রাত থেকে এই অভিযান চলছে বলে ইয়াহু নিউজ দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভূপাতিত বিমানে থাকা দুই ক্রু সদস্যই জরুরি অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হন। তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র দ্রুত তৎপরতা চালায়। অভিযানে দুটি সামরিক হেলিকপ্টার এবং নিচু উচ্চতায় উড়তে সক্ষম জ্বালানি সরবরাহকারী একটি বিমান অংশ নেয়। তবে ইরানি বাহিনীর গুলিতে উভয় হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত হয়, যদিও সেগুলো নিরাপদে ইরাকের দিকে ফিরে যেতে সক্ষম হয়েছে।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, একজন মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার করা গেলেও আরেকজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ইরানের স্থানীয় গণমাধ্যমে নিখোঁজ ওই পাইলটকে খুঁজে বের করার তল্লাশির দৃশ্য প্রচার করা হয়েছে এবং তাকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে ইরান দাবি করেছে, তারা একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাঁচটি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই ঘটনায় এফ-১৫ বিমানটির দুই পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি এ-১০ ওয়ারথগ বিমানও ইরানের হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে এ-১০ বিমানের পাইলট সাগরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ব্যবহৃত দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্রের গুলি লাগে, এতে কয়েকজন ক্রু আহত হন। হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ভূপাতিত এফ-১৫ বিমানের নিখোঁজ পাইলটের সন্ধানে যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।









