ইনকিলাব মঞ্চের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জানাজায় অংশগ্রহণের জন্য সংগঠনটি সবার প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠনটির শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদিকে স্মরণ করে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণ নিয়ে মঙ্গলবার শুরু হয়েছিল ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি। তবে খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে ইনকিলাব মঞ্চের চলমান কর্মসূচি স্থগিত রাখা হয়েছে এবং সবাইকে জানাজায় যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।









