আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং বিষয়টি কোনো দলের স্বার্থে নয়, বরং দেশ ও জুলাই গণ-অভ্যুত্থান রক্ষার জন্য। রোববার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অবস্থান তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে পুরোপুরি দাঁড়াতে না পারলেও তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের জন্য পূর্ববর্তী সরকারের চেয়ে বেশি কিছু করেছে কি না, সেটি এখন দেখার বিষয়। তার অভিযোগ, সে সময় গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিভিন্ন বাস্তবায়ন পর্যায়ে বর্তমান সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি জানান, আন্দোলনের জন্য তারা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন এবং দল-মত নির্বিশেষে সবার উদ্দেশে ঐক্যের আহ্বান জানান। তার ভাষ্য, এটি কোনো দলের আন্দোলন নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রক্ষার সংগ্রাম। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেদিকে নজর রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, আন্দোলনে অনেকে সন্তান, হাত বা পা হারালেও এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সামনে রাখা হবে না। তিনি প্রতিশ্রুতি দেন, রাজপথে গুলি এলে প্রথমে আঘাত তাদের ওপরই আসবে। শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রতি সহযোগিতা ও দোয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠা হবেই। দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো শক্তিকেই পরাজিত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *