বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুরুতর সংকটের কথা জানিয়েছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ২টার পর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “সকালবেলা মেডিকেল বোর্ড বসেছিল। বর্তমান পরিস্থিতিতে তিনি অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন।”
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। পরে তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি।









