আপনার ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

ভালোভাবে যাচাই না করে কোনো অ্যাপ ইনস্টল করা এখন বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনেক সময় ব্যবহারকারীরা না বুঝেই এমন কিছু অ্যাপ ডাউনলোড করেন, যা গোপনে তাদের ফোনে নজরদারি চালাতে পারে। সাম্প্রতিক সময়ে প্রতারণামূলক ও স্পাইওয়্যার ধরনের অ্যাপের সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে সতর্ক না থাকলে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়া সম্ভব।

গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর—উভয় প্ল্যাটফর্মেই অ্যাপ ডাউনলোডের আগে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। অফিসিয়াল স্টোরে থাকা মানেই অ্যাপটি নিরাপদ—এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে বহুবার। বিশেষ করে নতুন অ্যাপ ইনস্টলের প্রবণতা যাদের বেশি, তারা আরও বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। বর্তমানে অ্যাপ স্টোরে অ্যাপলের প্ল্যাটফর্মে প্রায় ২০ লাখ এবং গুগল প্লে স্টোরে প্রায় ৩০ লাখ অ্যাপ রয়েছে। এ বিপুল সংখ্যার মধ্যে কিছু প্রতারণামূলক অ্যাপ জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটের নাম ও আইকন নকল করে ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন করে থাকে।

গবেষকদের বরাতে একটি ওয়েবসাইট জানিয়েছে, এখন পর্যন্ত ২০টির বেশি এমন অ্যাপ ধরা পড়েছে, যার সংখ্যা আরও বাড়তে পারে। এ তালিকায় অন্তর্ভুক্ত নয়টি ডিজিটাল ওয়ালেট অ্যাপ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব অ্যাপ কোনোভাবেই নিরাপদ নয়; এগুলোর মাধ্যমে আর্থিক ক্ষতি হলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না।

গবেষকরা সতর্ক করে বলেছেন, এমন কোনো সন্দেহজনক অ্যাপ আগে থেকেই যদি ফোনে ইনস্টল করা থাকে, তবে দেরি না করে তা অবিলম্বে মুছে ফেলা উচিত। অন্যথায় ব্যক্তিগত তথ্য চুরি থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষতির মতো বড় বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। আরও অ্যাপ বিশ্লেষণের কাজ চলছে, ফলে প্রতারণামূলক অ্যাপের এই তালিকা ভবিষ্যতে আরও বড় হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *