সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত একাধিক গেজেট প্রকাশ করে। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে। গেজেটে উল্লেখ করা হয়, ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে নির্ধারিত দায়িত্বগুলো পুনর্নির্ধারণ করা হলেও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পুনর্বণ্টিত দায়িত্ব অনুযায়ী, মো. শরিফুল আলম এখন থেকে কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবুর রশিদ দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগে। মো. রাজিব আহসান দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগে। মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ফারজনা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. নুরুল হক নুর দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। ববি হাজ্জাজ থাকছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে।
এ ছাড়া রাজনৈতিক উপদেষ্টাদের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রুহুল কবীর রিজভী আহমেদকে তার বিদ্যমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্রুয়ারির আদেশ অনুসারেই তারা মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।









