আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল

ষ্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়ার বিষয়টি আইনগতভাবে যাচাই করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দলটির কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে। “অফিস খোলার অনুমতি নেই। তাই বিষয়টি আইন অনুযায়ীই দেখা হবে,” যোগ করেন তিনি।

বিভিন্ন এলাকায় দলটির কার্যালয় খোলার ঘটনায় সরকারের অবস্থান কী—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা এটি চাইনি। আইনে যেহেতু নিষেধাজ্ঞা আছে, সে অনুযায়ীই দেশের সব স্থানে বিষয়টি বিবেচনা করা হবে।”

এ সময় তিনি জানান, নিয়ম-নীতি মেনে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত প্রক্রিয়া সম্পন্ন করেই অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের কার্যক্রম শুরু হবে বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এই প্রথম কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা নয়াপল্টনে বিএনপির এ কার্যালয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে মহাসচিবকে শুভেচ্ছা জানান।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নয়াপল্টনের এই কার্যালয় থেকেই বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পরিচালিত হয়েছে—যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *