ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে সৃষ্টি হওয়া সব ধরনের সংশয় ও উদ্বেগ দূর করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোথায়? মাঝেমধ্যে দু-একটি খুনখারাবি ঘটে। হাদির ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি।’
অতীতেও এ ধরনের সহিংস ঘটনা ঘটেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও হয়েছে। আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে।’
এদিকে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।
তিনি জানান, হাদির এক আত্মীয় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন সদস্য এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও আরও এক নারী।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো সংকটাপন্ন।









