অররুদ্ধ খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সকালে খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে সড়ক অবরোধ শুরু হয়। ভোর থেকে অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের প্রভাবে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। মাটিরাঙ্গায় সাপ্তাহিক হাটের দিন হলেও ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। একইসঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের নৈশকোচও আটকা পড়ে। তবে জেলা শহর ও উপজেলা শহরগুলোতে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট পরিবহন চলতে দেখা গেছে।

খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. আরিফ জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অন্তত দুই শতাধিক গাড়ি সাজেকে গেছে, যাতে প্রায় দুই হাজার পর্যটক রয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর