অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সব আইপি টিভি ও অনলাইন পোর্টালকে শিগগিরই একক নীতিমালার আওতায় আনা হবে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর তিনি বুঝতে পেরেছেন, গত সতেরো বছর ধরে অনিয়ম ও দুর্নীতির মধ্যেই কার্যক্রম চালানো হয়েছে। কোনো নিয়মকানুন মানা হয়নি। এখন থেকে সবকিছুই নিয়ম অনুযায়ী চলবে এবং অনলাইন মাধ্যম পরিচালনায় সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, একটি মোবাইল ফোনের ওপর ভর করেই যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদেরকেও সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে সীমিত করতে চায় না, কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র দৃঢ় করতে গুরুত্বপূর্ণ—এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল প্রতিমন্ত্রীর প্রথম নান্দাইল সফর। পৌঁছানোর পর জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে তাকে পুলিশ গার্ড অব অনার প্রদান করে। সেখানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন।

প্রটোকল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন, যেখানে নান্দাইল ও গফরগাঁওয়ের সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তার আশ্বাস দেন।

এরপর প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসা ও সেবার বিষয়ে খোঁজখবর নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *