বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person–VIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী—স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)—নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।









