স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল

ষ্টাফ রিপোর্টার

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

তাসনিম জারার ভাষ্য অনুযায়ী, স্বাক্ষরকারীদের তথ্যগত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল হয়েছে। তিনি বলেন, স্বাক্ষরদাতা দু’জনই ধারণা করেছিলেন তারা ঢাকা-৯ আসনের ভোটার। একজন স্বাক্ষরদাতা নিজেকে এ আসনের ভোটার হিসেবে জানলেও বাস্তবে তিনি অন্য আসনের ভোটার। অন্যজনের ক্ষেত্রে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্রের কপিতেও তাকে ঢাকা-৯ আসনের ভোটার দেখানো হলেও নির্বাচন কমিশনের তথ্য তা অস্বীকার করছে।

স্বাক্ষরকারীদের অজ্ঞতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে তিনি বলেন, ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত—তা যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেই বলেও তিনি অভিযোগ করেন।

গত ২৭ ডিসেম্বর ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান ডা. তাসনিম জারা। এনসিপি ও জামায়াতে ইসলামী জোট আলোচনা–সমঝোতার পরিপ্রেক্ষিতেই তিনি এ সিদ্ধান্ত নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *