মায়ের টানে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে অসুস্থ মায়ের খোঁজে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলীয় নেতাকর্মীদের দেওয়া সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে যান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

গণসংবর্ধনায় বক্তব্যে তারেক রহমান বলেন, “সন্তান হিসেবে আমার মন পড়ে আছে আমার মায়ের শয্যার পাশে, হাসপাতালের সেই কক্ষে। কিন্তু যাদের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন—অর্থাৎ আপনারা—এই মানুষগুলোকে আমি উপেক্ষা করতে পারি না। সে কারণেই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ এখানে দাঁড়িয়েছি।”

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তার গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশের সময় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা দলীয় পতাকা ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন, যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা ছিল।

এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন করেন তিনি।

বিমানবন্দরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে এটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর