ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পূর্বপরিকল্পিত এ হত্যাকাণ্ডের পর ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি, যার মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে ভারতের মেঘালয় পুলিশ ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে দেশটির দুই নাগরিক—পুর্তি ও সামীকে আটক করেছে।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে প্রচার চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার সময় পল্টন থানার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে ফয়সাল ও তার সহযোগী হাদির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা করেন। মামলায় হত্যাচেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।









