প্রেম করে ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম তারা। দাম্পত্য জীবনে চার বছর পার করছেন ভিকি-ক্যাটরিনা। কিন্তু কখনো দু’জনের দাম্পত্য জীবন কিংবা কলহ সংবাদের শিরোনামে আসতে দেখা যায়নি। সব সময়ই মধুর সম্পর্ক ক্যাটরিনা-ভিকির।
এবার এর রহস্য ফাঁস করলেন অভিনেত্রী। সম্পর্কের মজবুত ভিতের রহস্য প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ব্যক্তিগত জায়গাটাকে সম্মান করতে হবে। কেউ কারও ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ি না আমরা। ব্যক্তিগত পরিসরকে সম্মান করা কতোটা জরুরি, সে কথাই জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেতা আরবাজ খানের সঙ্গে একটি পডকাস্টের কথোপকথনে ক্যাটরিনা বলেন, আমি কখনো বিনা অনুমতিতে কারও ফোনে হাত দিই না। যদি ছবি তোলার জন্য ফোন ব্যবহারও করতে হয়, তাহলেও তার ছবির জায়গাটি আমি স্ক্রল করি না। ভিকির ক্ষেত্রেই তাই করি। প্রত্যেকের ব্যক্তিগত কিছু জায়গা থাকে, সেটাকে সম্মান করা উচিত।
ভিকি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ক্যাটরিনা আমার সব কাজ খুব খুঁটিয়ে দেখে। দর্শক হিসেবে ফিডব্যাক দেয়। আমিও ক্যাটরিনার কাছে অভিনয় সম্পর্কিত নানা বিষয় জেনে নিই। ক্যাটরিনা একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে রিভিউ দেয়। তাই ক্যাটরিনার সঙ্গে পরামর্শ করলে অনেক উপকার পাই।









