নতুন পোশাক পরে ফ্যাসিবাদ ফেরার চেষ্টা করলে ৫ আগস্টের মতো পরিণতি বরণ করতে হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরের আদর্শ হাইস্কুল মাঠে ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে তিনি এ সতর্কবার্তা দেন।
জামায়াত আমির বলেন, “এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। যদি ফ্যাসিবাদ নতুন কোনো রূপ নিয়ে সামনে আসে, তবে ৫ আগস্টের ঘটনার মতোই পরিণতি তাদের অপেক্ষা করছে। বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আজকের অবস্থানে দাঁড়িয়েছি।”
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “ন্যায়বিচার যাদের হাতে প্রতিষ্ঠিত হবে, আমরা তাদেরই সঙ্গী হব। যারা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি, সন্ত্রাস, গাড়িচাপা কিংবা পাথরচাপা হত্যা থেকে বিরত রাখতে পারবে না—তারা যতই স্বপ্ন দেখাক, জাতি তাদের উদ্দেশ্য বুঝে নেবে।”
তিনি আরও বলেন, “যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আজ তাদের দেখা যায় না—এটাই বড় স্বস্তি। যারা ফ্যাসিবাদের সময় নির্যাতিত হয়েছেন, তারা নিশ্চয়ই চান না আবার কেউ একই কষ্ট ভোগ করুক। তাই জনগণের ওপর নতুন করে সেই বোঝা চাপাবেন না।”
দেশে বৈষম্য, দুঃশাসন ও দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “ইনসাফ না থাকায় লুটেরা, দুর্নীতিবাজ ও ডাকাতরা রাষ্ট্রের সম্পদ লুট করে নির্বিঘ্নে বিদেশে পালাতে পেরেছে। বেগমপাড়া গড়েছে। কালো টাকা দিয়ে সন্ত্রাস কিনে আরও কালো টাকা বানানোর পথ খুলেছে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মোয়াজ্জেম হোসেন হেলাল, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।









