দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে সফরসূচির বিষয়টি জানানো হয়।

তারেক রহমানের সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বরিশালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতা বরণে বিভিন্ন প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে বরিশাল বিভাগীয় বিএনপি আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভার ডাক দিয়েছে। সভায় বিভাগের সব জেলা-উপজেলার নেতারা এবং বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সফরের আয়োজন শুরু হয়েছে। তিনি জানান, “দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে অনুষ্ঠিত সভায় জনসভা সফল করার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে।”

বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে তারেক রহমান বরিশাল সফর করেছিলেন। সেদিন তিনি কর্মিসভায় যোগদান ছাড়াও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাকেরগঞ্জে একটি ব্রিজ উদ্বোধন করেছিলেন। তাঁর মতে, প্রায় দুই দশক পর এই সফর বরিশালের রাজনীতিতে নতুন প্রত্যাশার বার্তা বয়ে আনবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, নেতার আগমনের খবরে কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভেচ্ছা ও অভিনন্দনের পোস্ট। ২৬ জানুয়ারির জনসভাকে ঘিরে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর