দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম রাজনৈতিক সফর। রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপি নেতারা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তিনি আগামী ১১ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানেই রাতযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। দোয়া মাহফিল শেষে তার রংপুর যাওয়ার কথা রয়েছে। পথে তিনি মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন,
“দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। প্রায় ১৯ বছর পর তারেক রহমান ১১ জানুয়ারি বগুড়ায় আসছেন। তিনি রাতযাপন করবেন এবং পরদিন গণদোয়ায় অংশ নেবেন।”

এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান,
“১২ জানুয়ারি রংপুর যাওয়ার পথে তারেক রহমান মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করবেন। এসময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে আমরা তাকে স্বাগত জানাবো এবং শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত পৌঁছে দেব।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, তাই তা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর