বরিশালের বাবুগঞ্জে থানায় সালিশে অংশ নিতে গিয়ে জাতীয় পার্টির (জাপা) এক নেতা আটক হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আব্দুস সালাম কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্যসচিব।
পুলিশ সূত্র জানায়, আব্দুস সালাম স্থানীয় একটি সালিশে অংশ নিতে থানায় গেলে তাকে আটক করা হয়। তাকে বিএনপি নেতার দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় আব্দুস সালামকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম বলেন, থানার সামনে আব্দুস সালামকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









