ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে তার পক্ষে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেন। এরপর দলীয় জ্যেষ্ঠ নেতারা তাকে এ আসন থেকে প্রার্থী হওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক বাস্তবতা ও দলীয় অনুরোধ বিবেচনায় তিনি শেষ পর্যন্ত ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

এদিকে তারেক রহমানের ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের পর আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *