ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডাকসু প্রতিনিধিরা সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুশোকে তারেক রহমান ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা ও দেশের বিরুদ্ধে যেকোনো আধিপত্যবাদী চক্রান্ত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান আলোচনায় বলেন, ‘ডিফারেন্স অব ওপিনিয়নই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি দেশের স্বার্থে তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের সময়ে দেশে সন্ত্রাস ও অস্থিতিশীলতা বেশি ছিল। আমি কখনো চাইব না—আমার সন্তানদেরও এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হোক।’

ডাকসু প্রতিনিধিরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশপন্থী রাজনীতিকে সামনে রেখে আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। পাশাপাশি, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *