জামায়াত ইসলামী যুদ্ধের না, তারা ভারতের বিরুদ্ধে ছিল : আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে যে বর্ণনা প্রচলিত রয়েছে, তা মিথ্যা ও বিকৃত ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আমির হামজা বলেন, বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে দেখা যাবে, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত অনেক কাহিনির বড় একটি অংশ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচলিত বর্ণনার উল্লেখযোগ্য অংশ মিথ্যা কল্পকাহিনির ওপর দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যুদ্ধের বিরোধিতা করেনি, বরং তারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, এতদিন জনগণকে এই ‘সত্য’ জানার সুযোগ দেওয়া হয়নি।

ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় জামায়াতকে উদ্দেশ্যমূলকভাবে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে আমির হামজা বলেন, দেশকে স্বাধীনচেতা ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান তারা।

তিনি বলেন, এ দেশে জন্ম নেওয়া প্রত্যেকেই সম্মানিত নাগরিক। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অতীতের ইতিহাস টেনে বিভাজন না করে নতুন ইতিহাস গড়ার কথাও বলেন জামায়াত মনোনীত এই প্রার্থী।

বিজয় র‍্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *