গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে সশস্ত্র হামলার মুখে প্রাণে বাঁচলেন গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)। দুর্বৃত্তরা গুলিও ছোড়ে, তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত থাকেন। পরে ছিনতাইকারীরা তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হাবিব চৌধুরী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মুগর খাল এলাকায় বসবাস করছেন এবং এনসিপির মহানগর কমিটির সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে দুই ব্যক্তি ওইদিন হাবিবের সঙ্গে দেখা করতে আসে। কথোপকথনের একপর্যায়ে তাদের একজন মোটরসাইকেলটি পরীক্ষা করার কথা বলে সেটিতে উঠে পড়েন। ঠিক সেই সময় অপরজন হাবিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি না লাগায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত সটকে পড়ে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, সশস্ত্র ছিনতাইয়ের এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশকে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।

হাবিব চৌধুরী জানান, “টেস্ট রাইডের কথা বলেই তারা মোটরসাইকেলে উঠে। হঠাৎই আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ঘটনাটি আমাদের জানা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *