অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু এখন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার বিকেলে ভোটাভুটির মাধ্যমে তিনি দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
বৃহস্পতিবার বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৫৩ জন ভোটার ভোট প্রদান করেন।
প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান প্রমুখ।









