বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চব্বিশের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পর নতুন সরকার এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে অনেকে উদ্বিগ্ন। এ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের কোনোভাবেই অনিরাপত্তার ঝুঁকিতে পড়তে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের পতাকা হাতে দেশে ফিরবেন। সেদিন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে জেগে উঠবে।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নতুন প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানে না। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি; তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। মির্জা আব্বাস আরও বলেন, মুক্তিযুদ্ধকালীন অধিকাংশ সেক্টর কমান্ডারের দপ্তর ছিল ভারতের ভেতরে, কিন্তু শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তর থেকেই অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুবদলের নুরুল ইসলাম নয়ন ও স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান প্রমুখ।









